নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ অগাস্ট ২০২৬ | ৩:৫৭ এএম
কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ মেরামতে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠানো হয়েছে।
শনিবার বিমান জানায়, নিবন্ধন নম্বর এস২-এজেওয়াই উড়োজাহাজটি বর্তমানে রোমে উড্ডয়ন বন্ধ অবস্থায় রয়েছে। এটি টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি৩০৬ ফ্লাইট পরিচালনার কথা ছিল।
ত্রুটি নিরসনে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ বিজি৩০৫ ফ্লাইটে রোমে পাঠানো হয়েছে। মেরামত ও নিরাপত্তা পরীক্ষা শেষে উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী হলে বিজি৩০৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এর আগে ফ্লাইট বিলম্বিত হওয়ায় রোমে আটকে পড়া যাত্রীদের জন্য হোটেল, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেছে বিমান।
বিমান জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কারিগরি ত্রুটি সম্পূর্ণভাবে সমাধানের পরই ফ্লাইট পরিচালনা করা হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত