নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ অগাস্ট ২০২৬ | ৬:০৬ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করতে প্রবেশ ব্যবস্থায় নতুন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন ব্যবস্থায় বৈধ ভ্রমণ নথি থাকা যাত্রী এবং তার সঙ্গে সর্বোচ্চ দুইজন দর্শনার্থী ছাড়া অন্য কাউকে বিমানবন্দরের প্রবেশ এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে অনুষ্ঠিত পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) প্রথম সভায় এ বিষয়ে সুপারিশ করা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, বিমানবন্দরের প্রবেশপথে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও অন্যান্য নিরাপত্তা বাহিনী যাত্রী ও দর্শনার্থীদের পরিচয়পত্র এবং ভ্রমণসংক্রান্ত কাগজপত্র যাচাই করে প্রবেশের অনুমতি দেবে। যাত্রীপ্রতি সর্বোচ্চ দুইজন দর্শনার্থী প্রয়োজনীয় যাচাই শেষে প্রবেশের সুযোগ পাবেন।
সভায় দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা আন্তর্জাতিক মানে উন্নীত করা, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং আসন্ন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা নিরীক্ষার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।
বিমানবন্দরের যানবাহন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আন্ডার ভেহিকল স্ক্যানিং সিস্টেম (ইউভিএসএস) নিয়েও আলোচনা করা হয়। বর্তমানে পাঁচটি স্ক্যানারের মধ্যে তিনটি সচল রয়েছে। অচল দুটি দ্রুত মেরামত বা প্রতিস্থাপনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে যানবাহন তল্লাশিতে বিকল্প হিসেবে আন্ডার ভেহিকল স্ক্যানিং মিরর ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া ভিআইপি ও সিআইপি লাউঞ্জের নিরাপত্তা বাড়াতেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। সরকারি প্রটোকল অনুযায়ী সব ভিআইপি ও সিআইপি যাত্রীকে নিরাপত্তা তল্লাশির আওতায় আনার কথা বলা হয়েছে।
সভায় আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য আইকাও নিরাপত্তা নিরীক্ষা সফল করতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এদিকে শাহজালাল বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় যানজট, অনিয়ন্ত্রিত জনসমাগম, ভিক্ষুকের উপস্থিতি এবং অবৈধ লাগেজ মোড়ানো কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়ার সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা আরও উন্নত হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত