ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৭ অগাস্ট ২০২৬ | ৪:০২ এএম
মাঝ আকাশে থাকা একটি উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করে আতঙ্ক ছড়িয়েছেন এক ভারতীয় যাত্রী। শুধু দরজা খোলার চেষ্টাই নয়, তিনি জরুরি দরজার জানালায় আঘাত করে সেটিও ক্ষতিগ্রস্ত করেন। পরে অন্য যাত্রী ও ক্রুরা তাকে নিয়ন্ত্রণে আনেন।
বুধবার রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ভারতের কোচিগামী বাটিক এয়ারের ওডি২৩১ ফ্লাইটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যাত্রীর নাম জামশের, তিনি ভারতের পালাক্কাডের বাসিন্দা।
পুলিশের অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ৯টা থেকে ১১টা ৫ মিনিটের মধ্যে উড়োজাহাজটি আকাশে থাকা অবস্থায় জামশের জোর করে জরুরি দরজা খোলার চেষ্টা করেন। এর আগে তিনি দরজার ভেতরের জানালায় আঘাত করে সেটি ক্ষতিগ্রস্ত করেন। এ সময় তিনি যাত্রী ও ক্রুদের হুমকিও দেন।
ঘটনার সময় প্রায় সব যাত্রী ঘুমিয়ে ছিলেন। এক যাত্রী ম্যাটি ম্যাথু জানান, হঠাৎ বিমানের ভেতরে বাতাস ঢোকার মতো শব্দ শুনে যাত্রীরা জেগে ওঠেন। পরে তারা দেখতে পান, জরুরি দরজার জানালা ক্ষতিগ্রস্ত এবং জামশের দরজাটি খোলার চেষ্টা করছেন।
তবে বিমানের নকশা ও ভেতরের চাপের কারণে দরজাটি খুলতে পারেননি তিনি। পরে কয়েকজন যাত্রী ও ক্রু মিলে তাকে নিবৃত করেন।
বৃহস্পতিবার ভোরে উড়োজাহাজটি কোচিতে অবতরণের পর কেরালা পুলিশ জামশেরকে আটক করে। ঘটনায় বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সবাই নিরাপদে ছিলেন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত