নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ অগাস্ট ২০২৬ | ৫:০০ পিএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর অন্তর্বাসে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সোমবার কাস্টমস গোয়েন্দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে বিমানবন্দরের জনসংযোগ বিভাগও বিষয়টি নিশ্চিত করে।
আটক ব্যক্তি মোহাম্মদ তুষার (৩৩)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিঘলগাঁও গ্রামের বাসিন্দা। দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছানোর পর তাকে নজরদারিতে রাখা হয়।
কাস্টমস গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির একটি দল বিমানবন্দরে অবস্থান নেয়। তাদের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস হাউসের কর্মকর্তারা যৌথভাবে যাত্রীর গতিবিধি পর্যবেক্ষণ করেন। পরে কাস্টমস হলে তল্লাশির সময় তার অন্তর্বাসে বিশেষভাবে লুকিয়ে রাখা প্রায় ১ হাজার ৫০০ গ্রাম গোল্ড পেস্ট এবং প্রায় ১০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের চুড়িসহ বিভিন্ন স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ ছাড়া তার পাসপোর্ট, স্মার্টফোন ও বোর্ডিং পাসও জব্দ করা হয়েছে।
শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, জব্দ করা স্বর্ণের প্রাথমিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা। স্বর্ণের সঠিক ওজন ও বিশুদ্ধতা নির্ধারণে বিশেষজ্ঞ স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে চূড়ান্ত পরিমাণ ও মূল্য নির্ধারণ করা হবে।
কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। আটক যাত্রীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কয়েক দিন আগেও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণ চোরাচালারের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছিল কাস্টমস কর্তৃপক্ষ।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত