নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ | ১১:২০ এএম
দুবাই থেকে বিশেষ কৌশলে আনা প্রায় ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা।
সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে ফ্লাইদুবাইয়ের (এফজেড-৪৬৩) একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছান যাত্রী মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রতিনিধিরা বিমানবন্দরের কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে তল্লাশি করেন।
তল্লাশিতে তার পায়জামার বেল্টের অংশ এবং অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণালঙ্কার ও পাউডার আকারের স্বর্ণ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা স্বর্ণের পাউডার গলিয়ে বারে রূপান্তর করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ২ কেজি ১৬০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা।
তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আটক যাত্রীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত