প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২:০৮ এএম
চলতি গ্রীষ্ম মৌসুমে ৮৬ লাখের বেশি যাত্রী পরিবহন করেছে দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনস। আগামী শীত মৌসুমের বুকিংয়েও গত বছরের তুলনায় শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে নতুন গন্তব্যে ফ্লাইট চালু, বিদ্যমান রুটে ফ্লাইট বাড়ানো এবং এয়ারবাস এ৩৮০ ও এ৩৫০ উড়োজাহাজের ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা করেছে সংস্থাটি।
এমিরেটস জানিয়েছে, অক্টোবরের শেষদিকে শুরু হতে যাওয়া শীত মৌসুমে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, ভারত, পর্তুগাল, মিসর, ঘানা, কলম্বিয়া, সৌদি আরব ও পাকিস্তানসহ বিভিন্ন বাজারে ভ্রমণের চাহিদা বেড়েছে। নেপালেও সহযোগী বিমান সংস্থা ফ্লাইদুবাইয়ের মাধ্যমে যাত্রী চাহিদা শক্তিশালী রয়েছে।
বর্তমানে এমিরেটস তাদের বিঘ্ন-পূর্ব সক্ষমতার প্রায় ৯৩ শতাংশে কার্যক্রম পরিচালনা করছে। জুলাই ও আগস্টে ৮৬ লাখের বেশি যাত্রী পরিবহনের পাশাপাশি পশ্চিম এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আমেরিকা ও আফ্রিকার রুটগুলোতে আসন পূরণের হার ৭৫ শতাংশের বেশি ছিল। আগস্টের শেষ দিকে এমিরেটসের ফ্লাইটে পাঁচ লাখের বেশি যাত্রী দুবাইয়ে পৌঁছান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেশি।
নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে আগামী ১ অক্টোবর থেকে এয়ারবাস এ৩৫০ দিয়ে হেলসিঙ্কিতে ফ্লাইট চালু করবে এমিরেটস। বর্তমানে ৩০টি গন্তব্যে চলাচল করা এ৩৫০ উড়োজাহাজের সেবা বছর শেষে ৩৬টি গন্তব্যে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া আক্রা, টোকিও নারিতা, হো চি মিন সিটি ও হ্যানয়ে দ্বিতীয় দৈনিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। দিল্লির একটি দৈনিক ফ্লাইটে এয়ারবাস এ৩৮০ যুক্ত করা হবে। অক্টোবরের শেষ থেকে লারনাকা, মাল্টা, নাইরোবি ও হামবুর্গ রুটে এ৩৫০ চালু হবে। নভেম্বরে যুক্ত হবে মরিশাস।
এমিরেটসের প্রিমিয়াম ইকোনমি সেবা বর্তমানে ৯০টি গন্তব্যে পাওয়া যাচ্ছে। বছরের শেষ নাগাদ আরও ছয়টি গন্তব্যে এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ১৩৭টি উড়োজাহাজে প্রিমিয়াম ইকোনমি ও আধুনিক কেবিন সুবিধা যুক্ত হয়েছে। ডিসেম্বরের মধ্যে এ সংখ্যা ১৫৫-তে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত