ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৫ অগাস্ট ২০২৬ | ৫:২৫ এএম
আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব তথ্য জানান।
মিল্লাত বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। অক্টোবরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সও এ বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করবে।
তিনি জানান, কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে ইতোমধ্যে কয়েকটি বিদেশি এয়ারলাইন্স আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কক্সবাজারের কার্যক্রম শুরু হলে পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে। বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসার সুযোগ বাড়ার পাশাপাশি দেশের পর্যটনকেন্দ্রটির সঙ্গে আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগও শক্তিশালী হবে।
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ডিসেম্বরে চালুর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানান বিমানমন্ত্রী।
তিনি বলেন, তৃতীয় টার্মিনাল চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে চলছে। এর নির্মাণ ও পরিচালনা বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী মাসে চুক্তি স্বাক্ষর করা হবে।
তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ও ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়বে এবং যাত্রীসেবার মানও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন মিল্লাত। এতে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা আরও সহজ হবে।
সৌজন্য সাক্ষাৎকালে এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত