প্রকাশ : ১৮ অগাস্ট ২০২৬ | ১:২৯ এএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে তিনটি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
সোমবার (১৭ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। তিন অভিযানে জব্দ করা পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ১ কোটি ৭৮ লাখ ৭ হাজার টাকা।
সিআইআইডি জানায়, অভিযানে মোট ৩৪৯ কার্টন বিদেশি সিগারেট, ৩৮০ কেজি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম এবং ১ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসব পণ্যের শুল্কায়নযোগ্য ও বাজারমূল্য ৯০ লাখ ১৬ হাজার টাকা। এর বিপরীতে প্রযোজ্য শুল্ক-কর ৮৭ লাখ ৯০ হাজার ৮৬০ টাকা।
১৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর সার্কেলের ‘এ-শিফট’ দুবাই থেকে আসা এমিরেটসের দুটি ফ্লাইটে অভিযান চালায়। এ সময় তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টন সিগারেট, ৯ কেজি নিষিদ্ধ ক্রিম ও ১ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ মূল্য ৫২ লাখ ২৪ হাজার ৮৬০ টাকা।
একই দিনে বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযান চালিয়ে ৩১৯ কেজি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৮০ হাজার টাকা।
এর আগে ১১ আগস্ট একই শিফট দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিভিন্ন যাত্রীর কাছ থেকে ১৭৯ কার্টন সিগারেট ও ৫২ কেজি নিষিদ্ধ ক্রিম জব্দ করে। ওই চালানের শুল্ক-করসহ মূল্য ৬২ লাখ ২ হাজার ৩৬০ টাকা।
এনবিআর জানায়, জব্দ করা চালানের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব সুরক্ষায় গোপন তথ্য সংগ্রহ, ঝুঁকিভিত্তিক নজরদারি এবং যাত্রী ও পার্সেল পর্যায়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত