ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১২ অগাস্ট ২০২৬ | ৩:৩৩ এএম
ফ্লাইট চলাকালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায় এয়ার ইন্ডিয়ার একটি এয়ারবাস এ৩২০। পরিস্থিতি সামাল দিতে ফার্স্ট অফিসার বিমানের নাক নিচের দিকে নামিয়ে গতি বাড়ালে কয়েক মুহূর্তের জন্য ককপিট ও কেবিনে শূন্য মাধ্যাকর্ষণের মতো পরিস্থিতি তৈরি হয়। এতে অন্তত ২০ যাত্রী ও চার ক্রু সদস্য আহত হন।
ঘটনাটি ঘটে গত ৪ আগস্ট ১৩৭ যাত্রী ও আট ক্রু নিয়ে ফুকেটগামী এআই-২৩৭৯ ফ্লাইটে। ককপিটে এয়ার কন্ডিশনিং সিস্টেম নিয়ে আলোচনা চলার সময় হঠাৎ ‘স্টল’ সতর্কতা বেজে ওঠে। একই সঙ্গে অটোপাইলট বন্ধ হয়ে যায় এবং বিমানের নাক ওপরে উঠতে থাকে।
প্রশিক্ষণ অনুযায়ী ফার্স্ট অফিসার দ্রুত বিমানের নাক নিচে নামিয়ে গতি বাড়ান। এতে বিমানের ভেতরে সাময়িকভাবে ওজনহীনতার মতো পরিস্থিতি তৈরি হয় এবং পাইলটসহ বিভিন্ন জিনিসপত্র ওপরে উঠে যায়। পরে দুই পাইলট নিয়ন্ত্রণ ফিরে পেয়ে বিমানটিকে নিরাপদে দিল্লিতে অবতরণ করান।
অবতরণের পর প্রকৌশল পরীক্ষায় বিমানের তিনটি পৃথক হাইড্রোলিক ব্যবস্থায় একই সময়ে চাপ কমে যাওয়ার তথ্য পাওয়া যায়। পাশাপাশি পিচ নিয়ন্ত্রণেও সমস্যা ধরা পড়ে। ঘটনাটি তদন্ত করছে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো।
অবতরণের পর দুই পাইলটের মাদক পরীক্ষা করা হয়। ফার্স্ট অফিসার পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাপ্টেনের শরীরে গাঁজা সেবনের প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে দুই পাইলটকেই ফ্লাইট ডিউটি থেকে সরিয়ে রাখা হয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত