নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ অগাস্ট ২০২৬ | ৩:২৫ এএম
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আকামা নবায়নে নতুন সুযোগ চালু করেছে দেশটির সরকার। এখন থেকে কোনো কর্মীর মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে, তিনি অন্য কোনো নিয়োগকর্তার অধীনে আকামা নবায়ন করতে পারবেন। এতে কোনো আইনগত বাধা থাকবে না বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
মঙ্গলবার ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে এ তথ্য জানান সৌদি আরবের মানবসম্পদবিষয়ক উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা। বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্র কনস্যুলারবিষয়ক উপমন্ত্রী ড. মোহাম্মদ এ এম আলশামেরিও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগসংক্রান্ত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ সরকার গৃহকর্মী নিয়োগ পুনরায় শুরু, এসভিপি চুক্তি নবায়ন এবং নতুন কর্মী নিয়োগ চুক্তিতে দ্রুত অনুমোদনের অনুরোধ জানায়।
দুই দেশের মধ্যে কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ও কল্যাণসংক্রান্ত বিষয়ে যৌথ টেকনিক্যাল কমিশনের সভা আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশে যৌথ উদ্যোগে একটি সৌদি-বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। সেখানে আরবি ভাষা, সৌদি আইন, সংস্কৃতি, কর্মপরিবেশ ও বিদেশযাত্রার পূর্বপ্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ ছাড়া স্বাস্থ্যসেবা, নির্মাণ, তথ্যপ্রযুক্তি ও হোটেল-পর্যটন খাতে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ সহজ করতে কারিগরি ও পেশাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির কাঠামো তৈরির প্রস্তাবও উত্থাপন করা হয়।
বৈঠকে বাংলাদেশ সরকার সৌদি কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট ও আকামা দ্রুত ইস্যু ও নবায়নের অনুরোধ জানায়। একই সঙ্গে অতিরিক্ত ফি দেখিয়ে কিছু নিয়োগকর্তার বিলম্বের বিষয়টি সমাধানে সহযোগিতা চাওয়া হয়।
জবাবে সৌদি মানবসম্পদবিষয়ক উপমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা, নির্মাণ, তথ্যপ্রযুক্তি ও হোটেল-পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগে সৌদি আরব আগ্রহী। তিনি জানান, কর্মীদের অধিকার সুরক্ষায় ইতোমধ্যে মজুরি সুরক্ষা ব্যবস্থা ও বীমা সুবিধা কার্যকর করা হয়েছে।
এ ছাড়া সৌদি কারাগারে আটক বাংলাদেশিদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য কূটনৈতিক মাধ্যমে পাঠানো হলে সাধারণ ক্ষমার আওতায় তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দিয়েছে সৌদি প্রতিনিধিদল।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত