ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০১ অগাস্ট ২০২৬ | ১:৩৫ পিএম
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। তাদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার (১ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে আটক করা হয়। পরে তাদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৭ হাজার ১০৩ জন আবাসন আইন, ৩ হাজার ৬৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৯৭ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪১৮ জন এবং বেআইনিভাবে দেশ ছাড়ার চেষ্টা করার সময় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে আবাসন ও কর্মসংস্থান আইন লঙ্ঘনকারীদের পরিবহন বা আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৭ জনকেও আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন ব্যক্তি আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। এর মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৫ হাজার ৪২৪ জনের দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি চলছে।
মন্ত্রণালয় আবারও সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অন্যান্য কঠোর শাস্তির বিধান রয়েছে।
বর্তমানে সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস, যার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত