ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ | ৭:৩৪ পিএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে ২৩৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস ইন্টেলিজেন্স। জব্দ করা সিগারেটের বিপরীতে প্রায় ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রী মোহাম্মদ সোহেলের লাগেজে তল্লাশি চালিয়ে ১৫০ কার্টন মন্ড এবং ৮৫ কার্টন ইজি লাইটস ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, উদ্ধার করা মন্ড ব্র্যান্ডের সিগারেটের বিপরীতে ৩ লাখ ৩০ হাজার টাকা এবং ইজি লাইটস ব্র্যান্ডের সিগারেটের বিপরীতে ২ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। সব মিলিয়ে সরকারের কোষাগারে জমা হয়েছে ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা সিগারেট ডিটেনশন মেমোরেন্ডাম (ডিএম) মূলে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক যাচাই শেষে সংশ্লিষ্ট যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আমদানি নিষিদ্ধ পণ্যের অবৈধ প্রবেশ ও সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে কাস্টমস ইন্টেলিজেন্স, কাস্টমস বিভাগ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বিত নজরদারি ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত