নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | ১২:১৯ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া এক ইতালি প্রবাসীর ছয় বছর বয়সী শিশুপুত্রকে উদ্ধার করে স্বজনদের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকায় কান্নারত ও অভিভাবকবিহীন অবস্থায় শিশুটিকে দেখতে পান কর্তব্যরত আনসার সদস্য মো. মিজানুর রহমান। তিনি শিশুটিকে নিরাপদে নিয়ে বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে জানান।
পরে আনসার সদস্যরা শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। একই সঙ্গে মাইকিংয়ের মাধ্যমে তার স্বজনদের সন্ধান চালানো হয়।
একপর্যায়ে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকা থেকে শিশুটির মামা মো. সুমন মাতব্বরকে শনাক্ত করা হয়। পরিচয় যাচাই-বাছাই শেষে ডিএসও অফিসে কর্তৃপক্ষের উপস্থিতিতে শিশুটিকে তার মামার কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া শিশুটির নাম মো. আব্দুল্লাহ মাতব্বর (৬)। তার বাবা ইতালিপ্রবাসী মোহাম্মদ আজিজুল ইসলাম।
শিশুটিকে ফিরে পেয়ে তার স্বজনরা আনসার সদস্যদের দায়িত্বশীলতা, সতর্কতা ও মানবিকতার প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত