ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ | ৩:৩২ পিএম
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। ভ্রমণকারীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই এবং সংশ্লিষ্ট দেশের সরকারি নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) প্রকাশিত নতুন নির্দেশনায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ওমান, কাতার ও জর্ডানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে প্রতিটি দেশের জন্য সতর্কতার মাত্রা এক নয়; কোথাও পুরো দেশের জন্য, আবার কোথাও নির্দিষ্ট অঞ্চল বা স্থাপনার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মধ্যে কয়েকটি ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এখনও জটিল। এ কারণে মার্কিন নাগরিকদের কুয়েত সফরের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। দূতাবাস বর্তমানে সীমিত জরুরি কনস্যুলার সেবা দিচ্ছে এবং যাত্রীদের সরাসরি এয়ারলাইনসের কাছ থেকে ফ্লাইটের তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছে।
যুক্তরাজ্য জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল–৪ ও টার্মিনাল–৫ দিয়ে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবে টার্মিনাল–১ বন্ধ রয়েছে এবং ফ্লাইট সূচি সীমিত করা হয়েছে।
কানাডাও আঞ্চলিক উত্তেজনার কারণে কুয়েতে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, ইরান রাজধানী মানামার কেন্দ্রীয় অংশের কিছু স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে—এমন তথ্য তাদের কাছে রয়েছে। এ কারণে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, বিস্ফোরণ বা সাইরেনের শব্দ শুনলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে, জানালা থেকে দূরে থাকতে হবে এবং ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ধ্বংসাবশেষের কাছাকাছি যাওয়া যাবে না।
এর আগে বাহরাইনে জরুরি সাইরেন বাজানোর পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়।
যুক্তরাজ্য বলেছে, পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং যেকোনো সময় নতুন হামলা হতে পারে। কানাডাও বাহরাইনে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ বহাল রেখেছে।
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকির কারণে নাগরিকদের সৌদি আরব সফর পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। দেশটিতে কর্মরত জরুরি দায়িত্বে নয়—এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের আগেই সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
ভ্রমণকারীদের স্থানীয় সংবাদমাধ্যম পর্যবেক্ষণ, বিক্ষোভ এড়িয়ে চলা এবং ফ্লাইটে পরিবর্তন হলে সরাসরি এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে যুক্তরাজ্য সৌদি-ইয়েমেন সীমান্তের ১০ কিলোমিটার এলাকার মধ্যে সব ধরনের ভ্রমণ এবং সীমান্ত থেকে ১০ থেকে ৮০ কিলোমিটার এলাকার মধ্যে অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। দেশটি সতর্ক করেছে, হুথি গোষ্ঠী অতীতে সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে।
কানাডাও ১৭ জুলাই তাদের ভ্রমণ পরামর্শ হালনাগাদ করে সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
যুক্তরাজ্য ১৯ জুলাই জর্ডানের ভ্রমণ নির্দেশনা হালনাগাদ করে আকাবা আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরে অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
এ ছাড়া সিরিয়া সীমান্তের তিন কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। ভ্রমণকারীদের নিরাপত্তা স্থাপনা থেকে দূরে থাকা, পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং সংঘাত শুরু হলে আশ্রয় নেওয়ার নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত সফরও পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে। দেশটির মতে, যেকোনো সময় পরিস্থিতির অপ্রত্যাশিত অবনতি ঘটতে পারে। বর্তমানে অ-জরুরি মার্কিন সরকারি কর্মীরা দেশটির বাইরে অবস্থান করছেন এবং নিয়মিত ভিসা সেবাও সাময়িকভাবে স্থগিত রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে অবশ্যই এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে কুয়েতগামী বা কুয়েত হয়ে ভ্রমণকারীদের ক্ষেত্রে এটি বেশি গুরুত্বপূর্ণ।
এ ছাড়া নিজ দেশের ভ্রমণ সতর্কতা, গন্তব্য দেশের নিরাপত্তা পরিস্থিতি, প্রয়োজনীয় ভ্রমণ নথি, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং মোবাইল ফোন চার্জ রাখা নিশ্চিত করতে বলা হয়েছে। সাইরেন বা জরুরি নিরাপত্তা সংকেত বাজলে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করারও আহ্বান জানানো হয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত