নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ | ৮:২৯ এএম
বিমানবন্দরে লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি বন্ধে উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে ব্যাগেজ বেল্ট পর্যন্ত পুরো হ্যান্ডলিং প্রক্রিয়া টার্মিনালের বড় পর্দায় সরাসরি সম্প্রচারের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ দেশের বিভিন্ন বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়, দীর্ঘদিন ধরে যাত্রী, প্রবাসী শ্রমিক, পর্যটক, কূটনীতিক ও ব্যবসায়ীরা বিমানবন্দরে লাগেজ চুরির শিকার হচ্ছেন। কার্গো হোল্ড থেকে ব্যাগেজ বেল্টে পৌঁছানোর মধ্যবর্তী সময়ে একটি অসাধু চক্র লাগেজ কেটে মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি করছে বলে অভিযোগ করা হয়েছে।
এতে পুরো লাগেজ পরিবহন প্রক্রিয়া উচ্চমানের সিসিটিভির আওতায় আনা এবং কার্গো হোল্ড থেকে বেল্ট পর্যন্ত কার্যক্রম সরাসরি সম্প্রচারের দাবি জানানো হয়েছে। কাস্টমস বা নিরাপত্তা সংস্থা লাগেজ খুলে তল্লাশি করলে সেটিও ক্যামেরায় ধারণ করে যাত্রীর সামনে প্রদর্শনের প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া লোডার, গ্রাউন্ড হ্যান্ডলিং ও নিরাপত্তাকর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে দুদকের নজরদারির দাবি জানানো হয়।
নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করা হবে বলে জানানো হয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত