নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৬ | ৬:১০ পিএম
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো জট কমাতে ২৪ ঘণ্টা অপারেশন চালুর নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী আফরোজা খানম রিতা।
রোববার বেবিচক কার্যালয়ে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনার কথা জানান। কার্গো ভিলেজে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর পণ্যজট ও ব্যবস্থাপনা সংকট নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও কাইজার সোহেল আহমেদ, ডিএইচএল এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক মিয়ারুল হক, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
ব্যবসায়ীরা জানান, বর্তমানে কার্গো ব্যবস্থাপনায় দীর্ঘদিনের জট রয়েছে এবং বিমানবন্দরে প্রায় ১৬০০ টন পণ্য আটকে আছে। দ্রুত এই জট কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে।
তবে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বলেন, বর্তমান অবকাঠামো, জনবল ও যন্ত্রপাতির সীমাবদ্ধতায় পুরোপুরি ২৪ ঘণ্টা কার্গো অপারেশন চালানো বাস্তবসম্মত নাও হতে পারে। তার মতে, বিপুল পরিমাণ কার্গো ম্যানুয়ালি হ্যান্ডেল করা এখনকার সক্ষমতার বাইরে।
বৈঠকে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাও আলোচনা হয়, তবে আগুনের সুনির্দিষ্ট কারণ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে জানানো হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ বিদ্যুতের তার, অবকাঠামো ও নিষিদ্ধ এলাকায় ধূমপানের বিষয়গুলো খতিয়ে দেখছে বলে জানিয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত