নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ অগাস্ট ২০২৬ | ৫:৫১ এএম
সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার দেশটির রাজধানী রিয়াদের খোরদম এলাকায় এ ঘটনা ঘটে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে নিহতদের তথ্য নিশ্চিত করেছে। নিহতরা নওগাঁ, নাটোর ও রাজশাহী জেলার বাসিন্দা।
অগ্নিকাণ্ডে নিহতদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এক শোকবার্তায় তিনি বলেন, জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। এ আকস্মিক ঘটনায় তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী জানিয়েছেন, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারকে সরকারি সব ধরনের সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১০ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
আত্রাই উপজেলার নিহতদের মধ্যে রয়েছেন কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্দার ও রুবেল; বিশা এলাকার সাগর ও মজিদুল; দুবাই এলাকার শুভ ও সুমন; পাড়কাসুন্দা গ্রামের জালাল এবং উদানপাড়া গ্রামের মো. ফরিদ শেখ।
সৌদি আরবের রাজধানী রিয়াদের খোরদম এলাকায় একটি সোফা তৈরির কারখানায় রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে আগুন লাগে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রাণ হারান অন্তত ১৬ বাংলাদেশি।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত