নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬ | ১২:২৫ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের নিরাপদ, দ্রুত ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিনামূল্যের শাটল সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যাত্রীসেবার মান উন্নয়ন এবং বিমানবন্দর এলাকায় যানজট কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিমানবন্দরের ক্যানোপি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
বেবিচকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাটল সার্ভিসটি বিমানবন্দর–বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়–বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা–বিমানবন্দর রুটে নিয়মিত চলাচল করবে। এর ফলে বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগস্থলের মধ্যে যাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এই সেবা উল্লেখযোগ্য সুবিধা নিশ্চিত করবে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরতা কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট নিয়ন্ত্রণ, পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তোলা এবং সামগ্রিক যাত্রীসেবার মান উন্নয়নে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বমানের যাত্রীসেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে আধুনিক ও সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়ন করছে। বিনামূল্যের শাটল সার্ভিস সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
তিনি বলেন, এই সেবা যাত্রীদের সময় সাশ্রয়, নিরাপদ চলাচল এবং বিমানবন্দরের অভ্যন্তরে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করবে। ভবিষ্যতেও যাত্রীবান্ধব অবকাঠামো ও সেবার পরিধি আরও সম্প্রসারণে বেবিচক কাজ করে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত