ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ | ১২:১৬ পিএম
অতি ভারী বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী অবতরণ করতে পারেনি। এর মধ্যে দুটি আন্তর্জাতিক এবং একটি অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে। একই কারণে বিমানবন্দরে আগমন ও প্রস্থানের অধিকাংশ ফ্লাইট ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হচ্ছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, আবুধাবি থেকে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৫০ এবং শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট জি-৯৫২৬ প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় অবতরণ করে। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১২১ অবতরণের অনুকূল পরিবেশ না থাকায় পুনরায় ঢাকায় ফিরে যায়।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে নির্ধারিত সব ফ্লাইট যথাসময়ে বা প্রয়োজনীয় বিলম্বে ছেড়ে গেলেও বৈরী আবহাওয়ার প্রভাবে আগমন ও প্রস্থানের প্রায় সব ফ্লাইটই ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হচ্ছে। এ সময় বিমানবন্দর এলাকায় ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হচ্ছিল।
পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচনা করা হয়। সে হিসাবে চট্টগ্রামে এ সময়ে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।
বৈরী আবহাওয়া অব্যাহত থাকলে বিমান চলাচলের সময়সূচিতে আরও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত