ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ | ১২:৫৯ পিএম
অস্ট্রেলিয়ার সিডনির পশ্চিমাঞ্চলে চালু হয়েছে নতুন ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর। চার দশকেরও বেশি সময় ধরে পরিকল্পনা ও প্রস্তুতির পর বিমানবন্দরটি আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এর মধ্য দিয়ে সিডনির বিমান চলাচল ব্যবস্থায় যুক্ত হলো নতুন একটি আন্তর্জাতিক প্রবেশদ্বার।
সোমবার (২৬ অক্টোবর) নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে এয়ার নিউজিল্যান্ডের একটি উড়োজাহাজ বিমানবন্দরটিতে অবতরণ করে। পরে সেটি আবার অকল্যান্ডের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে রোববার থেকে বিমানবন্দরটিতে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়। গত জুলাইয়ে চালু হয়েছিল পণ্য পরিবহন কার্যক্রম।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম সিডনির দ্রুত সম্প্রসারিত অঞ্চলে বিমান চলাচলের চাহিদা মেটানো এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই নির্মাণ করা হয়েছে নতুন বিমানবন্দরটি। পশ্চিম সিডনিতে ২৫ লাখেরও বেশি মানুষের বসবাস। ফলে এ অঞ্চলের যাত্রীদের জন্য বিমানবন্দরটি ভ্রমণে নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
বিমানবন্দরটির অন্যতম বড় সুবিধা হলো দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার সুযোগ। সিডনির বিদ্যমান কিংসফোর্ড স্মিথ বিমানবন্দরে রাতের ফ্লাইট পরিচালনায় সময়সীমা রয়েছে। নতুন বিমানবন্দরে এ ধরনের সীমাবদ্ধতা না থাকায় উড়োজাহাজ সংস্থাগুলো ফ্লাইট পরিচালনায় বাড়তি নমনীয়তা পাবে।
বর্তমানে কিংসফোর্ড স্মিথ অস্ট্রেলিয়ার ব্যস্ততম বিমানবন্দর। গত বছর এ বিমানবন্দর দিয়ে চার কোটির বেশি যাত্রী যাতায়াত করেছেন। নতুন বিমানবন্দরটি চালুর ফলে সিডনির বিমান পরিবহন সক্ষমতা বাড়বে এবং যাত্রীদের জন্য বিকল্প সুবিধা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এখন ওয়েস্টার্ন সিডনি বিমানবন্দরে জেটস্টার গোল্ড কোস্ট, মেলবোর্ন ও ব্রিসবেনে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে ভিয়েতজেট এয়ার, মার্চে ফিজি এয়ারওয়েজ এবং ডিসেম্বরে কাতার এয়ারওয়েজের আন্তর্জাতিক ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে।
পরিবহন অবকাঠামোর ব্যয় বাদে বিমানবন্দরটি নির্মাণে খরচ হয়েছে ৫৩০ কোটি অস্ট্রেলীয় ডলার, যা প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলারের সমান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের প্রত্যাশা, নতুন বিমানবন্দরটি পশ্চিম সিডনিতে বিনিয়োগ, অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত