নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ | ১২:৫৭ পিএম
ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার-২০২৬। বিমান চলাচলের নিরাপত্তা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ উপযোগী নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক বিমান চলাচল খাতের প্রতিনিধি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
এবারের সেমিনারের প্রতিপাদ্য ‘প্রযুক্তি, প্রশিক্ষণ ও দলগত কার্যক্রম: ভবিষ্যৎ উপযোগী নিরাপত্তাবোধ গড়ে তোলা’।
উদ্বোধনী বক্তব্যে বিমান বাহিনী প্রধান বলেন, বিমান চলাচল খাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি নতুন সম্ভাবনার পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রে নতুন ঝুঁকিও তৈরি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল, যথাযথ প্রশিক্ষণ, কার্যকর নেতৃত্ব এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় অপরিহার্য।
তিনি আরও বলেন, ফ্লাইট নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে প্রযুক্তি, প্রশিক্ষণ এবং দলগত কার্যক্রমের সমন্বিত প্রয়োগ প্রয়োজন। আন্তর্জাতিক এ ধরনের আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সহযোগিতাও বাড়ানো সম্ভব।
সেমিনারে ব্রাজিল, চীন, ইতালি, পাকিস্তান, কাতার, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এবার প্রথমবারের মতো মালয়েশিয়া, নেপাল ও শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার প্রতিনিধিরাও যোগ দিয়েছেন।
এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, বিভিন্ন উড়োজাহাজ সংস্থা, ফ্লাইং একাডেমি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
সেমিনারের বিভিন্ন অধিবেশনে প্রযুক্তিগত অগ্রগতি, প্রশিক্ষণ, মানবিক উপাদান, নিরাপত্তা ব্যবস্থাপনা, মানব-প্রযুক্তির সমন্বয় এবং দলগত কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
আগামী ২৮ অক্টোবর শেষ হবে তিন দিনব্যাপী এ সেমিনার। আয়োজকদের আশা, এ সম্মেলন আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের বিমান চলাচল খাতের নিরাপত্তা উন্নয়নেও ভূমিকা রাখবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত