ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৮ অগাস্ট ২০২৬ | ৪:৫৭ পিএম
পশ্চিমবঙ্গে নতুন বিমানবন্দর ও বন্দর নির্মাণের পাশাপাশি বিদ্যমান অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর মাধ্যমে শিল্প-বাণিজ্য, পর্যটন ও পণ্য পরিবহন আরও গতিশীল করার পরিকল্পনা করা হচ্ছে।
এক মেগা কনক্লেভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কল্যাণীতে নতুন বিমানবন্দর নির্মাণের জন্য জমি দেওয়া হয়েছে। একই সঙ্গে কোচবিহার, মালদা, বালুরঘাট ও পুরুলিয়াকে বিমান যোগাযোগের আওতায় আনার কাজ এগোচ্ছে।
বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের পাশাপাশি হাসিমারা ও কলাইকুণ্ডায় বিমান অবকাঠামো উন্নয়নের জন্যও জমি দেওয়া হয়েছে বলে জানান তিনি। এসব প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।
বন্দর খাতেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। দাদনপাত্রবাড় এলাকায় নতুন বন্দর নির্মাণের জন্য জমি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, নতুন বন্দর ও পরিবহন করিডোর গড়ে উঠলে আমদানি-রপ্তানি, শিল্প ও বিনিয়োগে গতি আসতে পারে।
এদিকে নিউটাউনে আদানি গোষ্ঠীর সঙ্গে প্রায় দুই হাজার শয্যার একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। এর মধ্যে এক হাজার শয্যা দরিদ্রদের জন্য প্রায় বিনামূল্যে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
নতুন বিমানবন্দর ও বন্দর নির্মাণ এবং বিদ্যমান অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে পশ্চিমবঙ্গে যোগাযোগব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি শিল্প, পর্যটন ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য সরকারের।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত