নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ অগাস্ট ২০২৬ | ৩:২২ এএম
রাজধানীর বিমানবন্দর সড়কে সড়কশৃঙ্খলার অভাব ও যানবাহনের বিশৃঙ্খল চলাচলের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামীসহ সাধারণ যাত্রীরা।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দেখা যায়, কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া যানজট বনানী-কাকলি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। অন্যদিকে মাটিকাটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্ত দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, কুড়িল বিশ্বরোড এলাকায় বাসগুলো নির্ধারিত স্থানের বাইরে যাত্রী ওঠানামা করাচ্ছে। এছাড়া কুড়িল ফ্লাইওভারে ওঠা এবং বিমানবন্দরমুখী অনেক যানবাহন লেন শৃঙ্খলা না মেনে চলাচল করায় যানজট আরও তীব্র আকার ধারণ করে।
যদিও কুড়িল বিশ্বরোড থেকে বিমানবন্দরের মূল সড়কে যানবাহনের চলাচল তুলনামূলক স্বাভাবিক ছিল, তবে বনানী-কাকলি, কুড়িল এবং মাটিকাটা ফ্লাইওভার হয়ে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা। বেসরকারি চাকরিজীবী সাইফুল আবেদিন বলেন, সড়কে লেন শৃঙ্খলা নিশ্চিত করা এবং বাসগুলোকে নিয়ম মেনে নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করাতে পারলে এমন যানজট অনেকটাই কমানো সম্ভব।
স্থানীয়দেরও অভিযোগ, যানবাহনের বিশৃঙ্খল চলাচল, লেন পরিবর্তনের অনিয়ম এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলার ঘাটতির কারণেই বিমানবন্দর সড়কে প্রায়ই এমন যানজটের সৃষ্টি হয়।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত