ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৭ অগাস্ট ২০২৬ | ১:৫৪ এএম
লখনৌ থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমা রাখার হুমকির চিরকুট পাওয়ায় বুধবার সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নিরাপত্তা তল্লাশিতে উড়োজাহাজটিতে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।
বুধবার সকালে লখনৌ থেকে বেঙ্গালুরুর উদ্দেশে ছেড়ে যায় ইন্ডিগোর ৬ই৩২১ ফ্লাইট। উড্ডয়নের কিছুক্ষণ পর কেবিন ক্রুরা বিমানের ভেতরে একটি চিরকুট দেখতে পান। এতে কেবিনে বোমা থাকার হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
বিষয়টি দ্রুত পাইলট ও বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়। পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিমানটি নির্ধারিত গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রাখে। সকাল পৌনে ১০টার দিকে এটি বেঙ্গালুরু বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
অবতরণের পর যাত্রীদের নামিয়ে উড়োজাহাজটিতে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল। দীর্ঘ সময় তল্লাশির পরও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটিকে ভুয়া বোমা হুমকি বলে ধারণা করা হচ্ছে।
চিরকুটটি কে বা কারা বিমানে রেখেছে, তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় কোনো যাত্রী বা বিমানকর্মী আহত হননি।
এর আগে জুনেও লখনৌ থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে একই ধরনের হুমকির চিরকুট পাওয়া গিয়েছিল। সেবারও তল্লাশিতে কোনো বিস্ফোরক মেলেনি।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত