ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৭ অগাস্ট ২০২৬ | ১:৫২ এএম
নিজস্ব হেলিকপ্টার ইঞ্জিন প্রযুক্তি উন্নয়নে ফ্রান্সের সঙ্গে বড় চুক্তি করেছে ভারত। ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) ও ফ্রান্সের স্যাফরান হেলিকপ্টার ইঞ্জিনস নতুন প্রজন্মের হেলিকপ্টার ইঞ্জিন তৈরি ও উৎপাদনে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেছে।
যৌথ উদ্যোগ স্যাফহাল হেলিকপ্টার ইঞ্জিনস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে। নতুন ইঞ্জিনটির নাম দেওয়া হয়েছে ‘অরাবল্লী’। এর ক্ষমতা হবে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার শ্যাফ্ট হর্সপাওয়ার।
চুক্তি অনুযায়ী, ইঞ্জিনটির নকশা, উন্নয়ন, উৎপাদন, সরবরাহ ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে যৌথ উদ্যোগের ওপর। ভারতের ভবিষ্যৎ ১৩ টনের ইন্ডিয়ান মাল্টি-রোল হেলিকপ্টার এবং নৌবাহিনীর ডেক-বেসড মাল্টি-রোল হেলিকপ্টারে এটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটির মাধ্যমে উন্নত হেলিকপ্টার ইঞ্জিনের নকশা ও উৎপাদনে ভারতের নিজস্ব সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে। এইচএএল জানিয়েছে, লক্ষ্য শুধু নির্দিষ্ট হেলিকপ্টারের জন্য ইঞ্জিন তৈরি নয়; বরং ভবিষ্যতের হেলিকপ্টার কর্মসূচির জন্য একটি শক্তিশালী দেশীয় প্রযুক্তিভিত্তি গড়ে তোলা।
ভারতীয় প্রাচীন অরাবল্লী পর্বতমালার নাম অনুসারে ইঞ্জিনটির নামকরণ করা হয়েছে। এইচএএল ও স্যাফরানের দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতায় নতুন প্রকল্পটি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকেও আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ভবিষ্যতে সামরিক ব্যবহারের পাশাপাশি অসামরিক হেলিকপ্টারেও অরাবল্লী ইঞ্জিন ব্যবহারের সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ তৈরি হলে এটি ভারতের বিমান ও প্রতিরক্ষা শিল্পের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত