ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১০ জুলাই ২০২৬ | ৩:৩৩ পিএম
গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিঙ্গেনগামী রায়ানএয়ারের একটি ফ্লাইটে বড় ধরনের দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেছে। মাঝ আকাশে বিমানের একটি জানালার অংশ ক্ষতিগ্রস্ত হয়ে কেবিনের বায়ুচাপ কমে গেলে জানালার পাশে বসা এক যাত্রীর মাথা ও কাঁধ আংশিকভাবে বিমানের বাইরে চলে যায়। তবে সিটবেল্ট বাঁধা থাকায় তিনি প্রাণে বেঁচে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, উড্ডয়নের কিছুক্ষণ পর বিকট শব্দে কেঁপে ওঠে বিমান। এরপরই কেবিনের বায়ুচাপ কমে যায় এবং স্বয়ংক্রিয়ভাবে জরুরি অক্সিজেন মাস্ক নেমে আসে। আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা।
এ সময় জানালার পাশে বসা এক সার্বীয় পর্যটকের মাথা ও কাঁধ আংশিকভাবে বাইরে চলে যায়। পাশের যাত্রীরা দ্রুত তাকে ধরে ভেতরে টেনে আনেন। আহত ওই যাত্রীকে পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
গ্রিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানের একটি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়া ধাতব অংশ জানালায় আঘাত করায় সেটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি উত্তর মেসিডোনিয়ার আকাশসীমায় ঘটেছে বলে জানা গেলেও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পাইলট বিমানটি থেসালোনিকি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান। রায়ানএয়ার জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়, যাতে তারা নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারেন।
বিমান বিশেষজ্ঞদের মতে, সিটবেল্ট বাঁধা থাকায় ওই যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে। এ ঘটনা উড্ডয়নের পুরো সময় সিটবেল্ট বাঁধার গুরুত্ব এবং বিমানের নিয়মিত কারিগরি পরিদর্শনের প্রয়োজনীয়তা আবারও সামনে এনে দিয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত