নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬ | ৫:৪৭ পিএম
ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ায় পাইলট নিরাপত্তাজনিত কারণে বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে এনে জরুরি অবতরণ করান। ঘটনাটিতে কোনো হতাহত হয়নি।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে নভোএয়ারের ভিকিউ-৯৩৫ ফ্লাইটটি কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। উড্ডয়নের প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর ককপিটে ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে প্রত্যাহার না হওয়ার সংকেত আসে। একাধিকবার চেষ্টা করেও গিয়ারটি ওপরে তোলা সম্ভব না হওয়ায় ক্যাপ্টেন বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।
নিরাপদ অবতরণের প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে বিমানটি প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আকাশে অবস্থান করে। পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি নিরাপদে জরুরি অবতরণ করে। ফলে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং সব যাত্রী অক্ষত অবস্থায় বিমান থেকে নামেন।
ফ্লাইটটিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান চলাচলবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও যাত্রী হিসেবে ছিলেন। ঘটনার বিষয়ে তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ক্যাপ্টেন যে সিদ্ধান্ত নিয়েছেন, তা যথাযথ ছিল। তবে পুরো ঘটনায় বিমানের ভেতরে কিছু সময় উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি হয়, বিশেষ করে শিশু ও তাদের স্বজনদের মধ্যে।
তিনি আরও বলেন, ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে নিরাপদ অবতরণের প্রস্তুতি সম্পন্ন করতে পাইলটকে নির্ধারিত সময় পর্যন্ত আকাশে অবস্থান করতে হয়েছে। প্রয়োজনীয় সব নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করেই শেষ পর্যন্ত বিমানটি সফলভাবে অবতরণ করে।
ঘটনার পর বেসরকারি এয়ারলাইন্সগুলোর বহরে থাকা উড়োজাহাজের কারিগরি সক্ষমতা ও ফিটনেস পরীক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, যাত্রীবাহী উড়োজাহাজ পরিচালনায় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। নিয়মিত, কঠোর ও আন্তর্জাতিক মানসম্মত কারিগরি পরিদর্শন নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি আরও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত