নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ অগাস্ট ২০২৬ | ৩:১০ পিএম
চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বড় আকারের যাত্রীবাহী উড়োজাহাজ সি৯১৯ প্রথমবারের মতো আন্তর্জাতিক রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে বেইজিং থেকে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক উড্ডয়নে প্রবেশ করে উড়োজাহাজটি।
এয়ার চায়নার সিএ৭২৩ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৩টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। প্রায় দুই ঘণ্টার যাত্রা শেষে উলানবাটরে পৌঁছালে সি৯১৯-কে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএনের প্রতিবেদনে বলা হয়েছে, সি৯১৯-এর আন্তর্জাতিক রুটে যাত্রা চীনের বেসামরিক বিমান চলাচল শিল্পের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। এতদিন উড়োজাহাজটি মূলত চীনের অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন করছিল।
সরকারি তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত সি৯১৯ দেশের ২৫টি শহরের মধ্যে ৫৭টি রুটে চলাচল করেছে। এ সময়ে উড়োজাহাজটি ৭৫ লাখের বেশি যাত্রী পরিবহন করেছে।
আন্তর্জাতিক অঙ্গনেও এর আগে সি৯১৯-এর উপস্থিতি দেখা গেছে। সিঙ্গাপুর এয়ারশোতে দুইবার এবং দুবাই এয়ারশোতে একবার উড়োজাহাজটি প্রদর্শন করা হয়েছে।
আন্তর্জাতিক বাণিজ্যিক রুটে সি৯১৯-এর যাত্রা চীনের নিজস্ব যাত্রীবাহী উড়োজাহাজকে বৈশ্বিক বাজারে আরও বিস্তৃত করার প্রচেষ্টার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত