প্রকাশ : ১৩ অগাস্ট ২০২৬ | ১:৫৯ এএম
শক্তিশালী ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকার বিমানবন্দরগুলো কারিগরি পরিদর্শন শেষে ধাপে ধাপে চালু করছে কলম্বিয়ার বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ। যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিমানবন্দরগুলো পুনরায় সচল করা হচ্ছে।
সোমবার (১১ আগস্ট) পশ্চিম কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ২৪০ জন নিহত ও ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। উদ্ধার তৎপরতা এখনও চলছে।
কালি শহরের আলফোনসো বোনিয়া আরাগন বিমানবন্দর পুরোপুরি বাণিজ্যিক কার্যক্রমে ফিরেছে। কিবদোর এল কারানিও এবং আরমেনিয়ার এল এদেন বিমানবন্দরও নিয়ন্ত্রিতভাবে বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে।
এ ছাড়া বুয়েনাভেন্তুরার হেরার্দো তোভার লোপেস ও মানিসালেসের লা নুবিয়া বিমানবন্দর সীমিত শর্তে চালুর অনুমতি পেয়েছে। তবে মানিসালেস বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারে ফাটল ও জানালা ভাঙার কারণে মেরামতকাজ চলছে।
অন্যদিকে পেরেইরার মাতেকানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট এখনও বন্ধ। সেখানে শুধু রাষ্ট্রীয়, চিকিৎসা, উদ্ধার ও মানবিক সহায়তার ফ্লাইট চলাচল করছে। কার্তাগোর সান্তা আনা বিমানবন্দরেও কেবল জরুরি ও মানবিক সেবার উড়োজাহাজ চলাচলের অনুমতি রয়েছে।
আগ্নেয়গিরির ছাই জমার কারণে পোপায়ানের গিয়ের্মো লিয়ন ভালেনসিয়া বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কলম্বিয়ার জাতীয় আকাশসীমা সচল রয়েছে এবং যোগাযোগ, নজরদারি, দিকনির্দেশনা ও আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করছে। যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ তথ্য সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত