প্রকাশ : ১৩ অগাস্ট ২০২৬ | ১:৫৩ এএম
বিশ্বের সবচেয়ে স্বল্পদৈর্ঘ্যের বুকযোগ্য এয়ারবাস এ৩৫০ ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ। মাত্র প্রায় ১৪৮ কিলোমিটার দূরত্বের এই ফ্লাইটে কাতারের দোহা থেকে বাহরাইনের রাজধানী মানামায় যাত্রী পরিবহন করা হবে।
১২ ও ১৩ আগস্ট দুই দিন এই বিশেষ ফ্লাইট পরিচালনা করছে কাতার এয়ারওয়েজ। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রায় ৮০ নটিক্যাল মাইলের এই পথ পাড়ি দেবে এয়ারবাস এ৩৫০।
সাধারণত দোহা–বাহরাইন রুটে এয়ারবাস এ৩২০ ধরনের উড়োজাহাজ চলাচল করে। তবে সাময়িক সময়সূচি পরিবর্তনের কারণে এবার দীর্ঘপথের জন্য তৈরি এ৩৫০-৯০০ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।
এ৩৫০ মূলত দীর্ঘপথের আন্তর্জাতিক রুটের জন্য তৈরি। কাতার এয়ারওয়েজের ব্যবহৃত এ৩৫০-৯০০ উড়োজাহাজে বিজনেস ও ইকোনমি শ্রেণি মিলিয়ে প্রায় ২৮৩ জন যাত্রী বসতে পারেন।
মাত্র ১৪৮ কিলোমিটারের আন্তর্জাতিক রুটে এত বড় ওয়াইডবডি উড়োজাহাজ ব্যবহারের কারণে ফ্লাইটটি বিমান চলাচলপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে। তবে এই পরিবর্তন স্থায়ী নয়; ১২ ও ১৩ আগস্টের পর রুটটিতে আবার নিয়মিত উড়োজাহাজ ব্যবহারের কথা রয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত