ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১১ অগাস্ট ২০২৬ | ২:৫৭ এএম
বোয়িং ৭৩৭ সিরিজের ১ হাজার ৯০০টি উড়োজাহাজ পরিদর্শনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সম্ভাব্য কাঠামোগত ত্রুটি শনাক্ত করতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনের আওতায় রয়েছে ৭৩৭ ম্যাক্স ৮, ম্যাক্স ৯ ও ৭৩৭-৮২০০ মডেল। এর মধ্যে ৪৭১টি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং ১ হাজার ৪২৯টি আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত হচ্ছে।
এফএএ জানিয়েছে, এখন পর্যন্ত এসব উড়োজাহাজে কোনো ত্রুটি পাওয়া যায়নি। তবে আগের প্রজন্মের ৭৩৭ মডেলে একই ধরনের কাঠামোগত সমস্যা শনাক্ত হওয়ায় নতুন উড়োজাহাজগুলোও নিরাপদ কি না, তা নিশ্চিত করতে এই পরিদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
পরিদর্শনে সামনের সার্ভিস দরজার কাছে থাকা ‘বেয়ার স্ট্র্যাপ’ নামের কাঠামোগত অংশ পরীক্ষা করা হবে। বারবার উড্ডয়ন ও অবতরণের চাপে দরজার কোণায় ফাটল তৈরি হতে পারে বলে জানিয়েছে এফএএ।
বোয়িং জানিয়েছে, ২০১৯ সালে আগের প্রজন্মের ৭৩৭ উড়োজাহাজের অপারেটরদের এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। সম্ভাব্য ফাটলের কারণ খুঁজে বের করে ভবিষ্যতে এ ধরনের সমস্যা প্রতিরোধে কাজ করছে প্রতিষ্ঠানটি।
সাউথওয়েস্ট ও ইউনাইটেড এয়ারলাইন্সসহ বড় মার্কিন বিমান সংস্থাগুলো এফএএর নির্দেশনা মেনে চলার কথা জানিয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত