প্রকাশ : ১০ অগাস্ট ২০২৬ | ১:২৭ পিএম
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকা থেকে একটি সন্দেহভাজন গাড়িতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। অভিযানের সময় গাড়িটি ফেলে পালিয়ে যায় চালক মো. শামীম মিয়া।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি থামিয়ে তল্লাশির উদ্যোগ নেওয়া হয়। এ সময় চালক শামীম মিয়া গাড়ি ফেলে পালিয়ে গেলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় গাড়িতে তল্লাশি চালানো হয়। পরে গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা প্রায় ১৫৫ দশমিক ৩৫ ভরি। কাস্টমস হাউস ঢাকার পরীক্ষায় স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট নিশ্চিত করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।
গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি মুঠোফোন, নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স ও একটি জাতীয় পরিচয়পত্রও উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণ কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত