নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ অগাস্ট ২০২৬ | ১১:২২ এএম
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দাগামী একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ৪১৯ জন ওমরা যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। ত্রুটির কারণে বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি বিমানবন্দরে আটকে রয়েছে।
সোমবার (৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জেদ্দার উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিয়ে রানওয়েতে যাওয়ার পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরে পাইলট নিরাপত্তার স্বার্থে বিমানটি আবার পার্কিং বে-তে ফিরিয়ে আনেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শরীফুল আলম জানান, উড়োজাহাজটির টেকনিক্যাল সমস্যার কারণে ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হয়নি। স্থানীয় প্রকৌশলীদের পাশাপাশি ঢাকা থেকে বিশেষজ্ঞ প্রকৌশলীরাও এসে ত্রুটি মেরামতের কাজ করছেন।
তিনি বলেন, যাত্রীদের দুর্ভোগ কমাতে তাদের বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে ফ্লাইটটি ঠিক কখন ছেড়ে যাবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
দীর্ঘ সময় অপেক্ষা করায় অনেক যাত্রী, বিশেষ করে বয়স্ক ওমরা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ সময় বিমানবন্দরে কিছু যাত্রীর সঙ্গে কর্তব্যরত কর্মকর্তাদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
বিমান সূত্র জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি সম্পূর্ণভাবে সমাধান হওয়ার পরই ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত