, , ,

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭তম

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | ১২:৩৩ পিএম

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭তম

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান বর্তমানে ৯৭তম। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জুলাই সংস্করণ অনুযায়ী, বছরের শুরুতে ৯৫তম স্থানে থাকলেও সর্বশেষ হালনাগাদে বাংলাদেশ দুই ধাপ পিছিয়েছে। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এই সূচক প্রকাশ করেছে। কোনো দেশের নাগরিক আগাম ভিসা ছাড়া বা ভিসা অন-অ্যারাইভাল সুবিধায় কতটি দেশে প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতেই এই র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়।

সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৫টি দেশে আগাম ভিসা ছাড়া বা ভিসা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। বছরের শুরুতে এবং ২০২৫ সালের সূচকে এই সংখ্যা ছিল ৩৭। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে বাংলাদেশ দুইটি গন্তব্য হারিয়েছে।

তবে গত বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের অবস্থানের উন্নতি হয়েছে। ২০২৫ সালের মাঝামাঝি সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। সেই হিসেবে এবার তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। গত কয়েক বছরের তথ্য অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম, ২০২১ সালে ১০৮তম, ২০২২ সালে ১০৩তম, ২০২৩ সালে ১০১তম এবং ২০২৪ সালে ৯৭তম।

সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৮টি দেশে ভ্রমণের সুযোগ পান। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।

প্রথম দশে আরও রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, পোল্যান্ড, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, লিচেনস্টেইন, লিথুনিয়া, আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। ভারতের অবস্থান ৮১তম, ভুটানের ৮৮তম, মিয়ানমারের ৯১তম এবং শ্রীলঙ্কার ৯৪তম। বাংলাদেশ ৯৭তম অবস্থানে থেকে নেপাল (৯৮তম), পাকিস্তান (১০১তম), সিরিয়া (১০৩তম) ও আফগানিস্তানের (১০৪তম) চেয়ে এগিয়ে রয়েছে। আফগানিস্তানের নাগরিকরা মাত্র ২২টি দেশে আগাম ভিসা ছাড়া বা ভিসা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন, যা সূচকের সর্বনিম্ন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com