নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ | ১:০০ পিএম
বিদেশে কর্মরত বাংলাদেশিদের বিমানবন্দর ব্যবহার আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রবাসী কার্ডধারীদের জন্য একাধিক বিশেষ সুবিধা চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব সুবিধার মধ্যে রয়েছে অগ্রাধিকারভিত্তিক চেক-ইন, অগ্রাধিকারভিত্তিক বোর্ডিং, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে মূল্যছাড়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান সরকারের চালু করা প্রবাসী কার্ডের মাধ্যমেই এসব সুবিধা দেওয়া হবে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয়’ শীর্ষক এক অবহিতকরণ সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান।
আফরোজা খানম বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের জন্য বিমানবন্দর ও বিমানসেবা আরও সহজ, দ্রুত এবং হয়রানিমুক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট ক্রয় এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জ ব্যবহারে প্রবাসীদের জন্য বিশেষ মূল্যছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীসেবার মান উন্নত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যে শাটল বাসসেবা চালু করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রবাসী কার্ডধারীদের জন্য শুধু বিমানবন্দরেই নয়, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলগুলোতেও বিশেষ মূল্যছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া বিমানবন্দরে অগ্রাধিকারভিত্তিক চেক-ইন, দ্রুত বোর্ডিং এবং অন্যান্য বিশেষ সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভার শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘প্রবাসী কার্ড’ কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন। তিনি এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্টদের মতে, প্রবাসী কার্ডের মাধ্যমে বিমানবন্দর ও বিমানসেবায় অগ্রাধিকারমূলক সুবিধা চালু হলে বিদেশফেরত ও বিদেশগামী বাংলাদেশি কর্মীদের ভ্রমণ আরও সহজ হবে। একই সঙ্গে দীর্ঘ লাইনে অপেক্ষা, হয়রানি এবং সময়ের অপচয় কমবে। সরকারের এ উদ্যোগ প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের বিমানবন্দর ব্যবস্থাপনায় আধুনিক ও যাত্রীকেন্দ্রিক সেবার নতুন দিগন্ত উন্মোচন করবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত