নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ | ৩:০২ এএম
বাংলাদেশের শীর্ষস্থানীয় দেশীয় ভ্রমণপ্রযুক্তি প্রতিষ্ঠান শেয়ারট্রিপকে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকারের আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি স্টার্টআপগুলোর সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেবে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, সরকার একটি জাতীয় স্টার্টআপ নীতিমালা প্রণয়নের কাজ করছে। পাশাপাশি বিদেশি বাজারে প্রবেশে আগ্রহী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে দেশের বিদেশস্থ মিশনগুলোর মাধ্যমে কার্যকর সহযোগিতার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
শেয়ারট্রিপের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই কোম্পানিটাকে আমরা বৈশ্বিক পর্যায়ে নিয়ে যেতে চাই। শেয়ারট্রিপ অনেক পরিশ্রম করেছে, তারা এই স্বীকৃতি পাওয়ার যোগ্য।
তিনি বলেন, শেয়ারট্রিপ আন্তর্জাতিক বাজারে সফলভাবে প্রতিষ্ঠিত হলে একই ধরনের সহায়তা দেশের অন্যান্য উদ্ভাবনী প্রযুক্তি প্রতিষ্ঠান ও স্টার্টআপের জন্যও সম্প্রসারণ করা হবে।
প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে দেশের ভ্রমণপ্রযুক্তি খাতের প্রতি সরকারের দৃঢ় সমর্থনের বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এটি রপ্তানি বহুমুখীকরণ, উদ্ভাবন এবং ডিজিটাল সেবা খাতের বিকাশে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা রেহান আসাদ বলেন, শেয়ারট্রিপের জন্য মধ্যপ্রাচ্যের বাজারে সম্প্রসারণের সুযোগ সবচেয়ে বেশি। তার মতে, ওই অঞ্চলে বাংলাদেশি ভ্রমণপ্রযুক্তি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির সম্ভাবনা উল্লেখযোগ্য।
এর আগে প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক শেয়ারট্রিপের যাত্রা, অর্জন এবং বিশ্বমানের প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিগত সংস্কার নিয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, একটি স্টার্টআপের সবচেয়ে বড় প্রয়োজন শুধু অর্থায়ন নয়; প্রয়োজন ব্যবসাবান্ধব নীতিমালা, সহায়ক পরিবেশ এবং এমন একটি ব্যবস্থা, যেখানে স্টার্টআপকে প্রতিযোগী নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশীদার হিসেবে বিবেচনা করা হবে।
সাদিয়া হক সরকারের কাছে একটি সমন্বিত জাতীয় স্টার্টআপ ও উদ্ভাবন নীতি প্রণয়নের আহ্বান জানান। একই সঙ্গে পর্যটন খাতের উন্নয়নে দেশীয় অনলাইন ভ্রমণসেবা প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া এবং সহজ ও নিরবচ্ছিন্ন ই-ভিসা ব্যবস্থা চালুর প্রস্তাবও তুলে ধরেন।
২০১৯ সালে প্রতিষ্ঠিত শেয়ারট্রিপ বর্তমানে দেশের বৃহত্তম দেশীয় ভ্রমণপ্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে ২৭ লাখের বেশি নিবন্ধিত ব্যবহারকারীকে সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটি সৌদি আরবের হজ ও ওমরাহ ব্যবস্থাপনার ডিজিটাল ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত বিশ্বের অল্প কয়েকটি ভ্রমণপ্রযুক্তি প্রতিষ্ঠানের অন্যতম। এর বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে জাপানের একটি শিল্পগোষ্ঠী এবং সরকারের স্টার্টআপ বাংলাদেশ।
খাতসংশ্লিষ্টদের মতে, শেয়ারট্রিপের প্রতি প্রধানমন্ত্রীর প্রকাশ্য সমর্থন দেশে প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের জন্য ইতিবাচক বার্তা বহন করবে। পাশাপাশি নীতিগত সংস্কার ও সরকারি সহায়তা বাস্তবায়িত হলে বাংলাদেশি ভ্রমণপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত