, , ,

শিরোনাম
মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

বাংলাদেশ-ভিয়েতনাম মানব পাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬ | ১:০৯ পিএম

বাংলাদেশ-ভিয়েতনাম মানব পাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজের অঙ্গীকার

বাংলাদেশ ও ভিয়েতনাম নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার, মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে। এ লক্ষ্যে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভিয়েতনামের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লং।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, আইনশৃঙ্খলা বাহিনীর পারস্পরিক সমন্বয় এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির ১৪তম জাতীয় কংগ্রেস সফলভাবে সম্পন্ন হওয়া এবং নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় দেশটির সরকারকে অভিনন্দন জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায়ে ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও গতিশীল করতে আগ্রহী।

১৯৭৩ সালের ১১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ভিয়েতনামের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ও বহুমাত্রিক অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ এবং জনগণের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায়ও সন্তোষ প্রকাশ করেন তিনি।

বৈঠকে ভিয়েতনামে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভিসা-সংক্রান্ত জটিলতা এবং অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে বাংলাদেশ সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে।

সালাহউদ্দিন আহমদ ভিয়েতনামের কাছে বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী, বৈধ কর্মী ও পারিবারিক ভিসাপ্রত্যাশীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও উদার করার অনুরোধ জানান।

তিনি বলেন, মানব পাচার, মাদক চোরাচালান এবং অন্যান্য আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করা জরুরি।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও ভিয়েতনামের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ইতোমধ্যে এক বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, শিগগিরই প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষরিত হলে দুই দেশের বাণিজ্য আরও দ্রুত সম্প্রসারিত হবে।

এ সময় বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমতি দেওয়ায় ভিয়েতনাম সরকারকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি আন্তর্জাতিক মানের বাংলাদেশি ওষুধ আমদানির আহ্বান জানিয়ে ভিয়েতনামের ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোরও আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ আসিয়ানে বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার মর্যাদা এবং আরসিইপি-এর সদস্যপদ লাভে ভিয়েতনামের সমর্থনও কামনা করেন।

জবাবে ভিয়েতনামের প্রতিনিধিদল বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেয় এবং নিরাপত্তা, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com