নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৬ | ১২:৩৮ পিএম
বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক মানের দক্ষ কর্মীতে পরিণত করতে কারিগরি প্রশিক্ষণ, নিরাপদ অভিবাসন এবং বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড।
রোববার (২৮ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে দেশে ফিরে আসা বাংলাদেশি কর্মীদের পুনর্বাসন, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মাধ্যমে সুইজারল্যান্ডের সহযোগিতার প্রশংসা করে তিনি ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণে গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ (ওইইপি) আরও কার্যকর করতে জনবল ব্যবস্থাপনা, জব পোর্টাল উন্নয়ন, মেডিক্যাল সেন্টার সংযুক্তকরণ এবং মোবাইল অ্যাপ চালুর ক্ষেত্রে সুইজারল্যান্ডের কারিগরি সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সহযোগিতামূলক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। তিনি বিদেশফেরত কর্মীদের অর্থনৈতিক ও সামাজিক পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করে বলেন, সুইজারল্যান্ড তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জনশক্তিকে আরও দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে কাজ করবে।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সুইজারল্যান্ড দূতাবাসের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত