প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ২:৪৪ পিএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে মাস্কাট থেকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। পরে কাস্টমস হলের স্ক্যানিং কার্যক্রম শেষে বের হওয়ার সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় বিমানবন্দরের ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থার সদস্যরা তার ব্যাগেজে তল্লাশি চালান।
তল্লাশির একপর্যায়ে ব্যাগেজের ভেতর থেকে ১০৬ গ্রাম স্বর্ণের অলঙ্কার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৫৩৪ গ্রাম।
কর্তৃপক্ষের দাবি, স্বর্ণগুলো ব্যাগেজের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। এ কারণে কাস্টমসের স্ক্যানিংয়ের সময় বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল।
আটক যাত্রীর নাম মোহাম্মদ হাসান মুরাদ। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর এ১৮০৪২২৪৫।
বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের বিপরীতে আনুমানিক ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে।
উদ্ধার করা স্বর্ণের পরিমাণ নির্ধারণসহ প্রাথমিক কার্যক্রম শেষে তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের মাধ্যমে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণ চোরাচালান ও বৈদেশিক মুদ্রা পাচার প্রতিরোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত