নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ৩:৩৩ পিএম
বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়ন এবং দুই দেশের মধ্যে বিমান চলাচল ও আঞ্চলিক যোগাযোগ আরও সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ভারত। বৈঠকে ওপেন স্কাই পলিসি, এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট সংশোধন, বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের চার্জ মওকুফসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। মন্ত্রীর নিজ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি এভিয়েশন খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে ভারতের কাজ করার আগ্রহের কথা জানান ভারতীয় রাষ্ট্রদূত। একই সঙ্গে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিমান চলাচল আরও সহজ ও বিস্তৃত করতে ওপেন স্কাই পলিসি চালু এবং বিদ্যমান এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট সংশোধনের বিষয়টি আলোচনায় আসে।
বৈঠকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে চার্জ মওকুফের বিষয়টিও গুরুত্ব পায়। পাশাপাশি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প রানওয়েতে উড্ডয়ন ও অবতরণে সক্ষম উড়োজাহাজ বাংলাদেশের বিভিন্ন এয়ারস্ট্রিপে ব্যবহারের সম্ভাবনার কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী।
মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠার লক্ষ্যেও প্রয়োজনীয় সমন্বয় করা হবে।
তিনি এভিয়েশন খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। দুই দেশের মধ্যে বিমান চলাচল ও আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে এর সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে বলেও বৈঠকে আলোচনা করা হয়।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত