প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০০ এএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে মন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়ন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা চালু এবং বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আন্তর্জাতিক মানের এয়ারলাইন্স হিসেবে গড়ে তুলতে নতুন উড়োজাহাজ সংগ্রহের উদ্যোগের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, ইতোমধ্যে বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি হয়েছে। পাশাপাশি ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ করছে।
পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে।
মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের এভিয়েশন হাব গড়ে তোলার উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশের বিমান ও পর্যটন খাতে মার্কিন বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানান তিনি।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত