ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ৫:৩৯ পিএম
দীর্ঘ প্রায় আট বছরের বিরতির পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিদেশি এয়ারলাইনস। গত ১ সেপ্টেম্বর ওমানভিত্তিক সালামএয়ার সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট চালু করায় সিলেটের আন্তর্জাতিক বিমান যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
বর্তমানে সপ্তাহে তিন দিন সিলেট থেকে মাস্কাটে ফ্লাইট পরিচালনা করছে সালামএয়ার। শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এয়ারবাস এ৩২১ উড়োজাহাজে ওভি-৪২২ ফ্লাইটটি সিলেট থেকে সরাসরি মাস্কাটে যাচ্ছে। যাত্রী চাহিদা ও রুটের সম্ভাবনা বিবেচনায় আগামী অক্টোবর থেকে সপ্তাহে পাঁচ দিন এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে প্রতিদিন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে এয়ারলাইনসটির।
সরাসরি এই ফ্লাইটের ফলে সিলেট বিভাগের যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণের জন্য ঢাকা হয়ে যাতায়াতের প্রয়োজন অনেকটাই কমবে। বিশেষ করে ওমানপ্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যদের সময়, যাতায়াত ব্যয় এবং ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিলেট থেকে আরও আন্তর্জাতিক রুট চালুর সম্ভাবনাও তৈরি হয়েছে। এয়ার আরাবিয়া ও ফ্লাইদুবাইসহ কয়েকটি বিদেশি এয়ারলাইনস চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ দেখিয়েছে। এসব ফ্লাইট চালু হলে ওসমানী বিমানবন্দরের আন্তর্জাতিক রুট ও ফ্লাইট সংখ্যা আরও বাড়বে।
সালামএয়ারের ফ্লাইট চালুর প্রথম দিন ১ সেপ্টেম্বর সকালে ১৩৩ জন যাত্রী নিয়ে মাস্কাট থেকে একটি ফ্লাইট সিলেটে অবতরণ করে। পরে ২২৪ জন যাত্রী নিয়ে সেটি সিলেট থেকে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায়। এ উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে ২০১৫ সালের ১ এপ্রিল ফ্লাইদুবাই সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করেছিল। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে তারা এ রুটের ফ্লাইট বন্ধ করে দেয়। এরপর প্রায় আট বছর কোনো বিদেশি এয়ারলাইনস নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেনি। সালামএয়ারের সিলেট-মাস্কাট রুট চালুর মধ্য দিয়ে সেই দীর্ঘ বিরতির অবসান হলো।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নতুন আন্তর্জাতিক রুট চালু হলে সিলেটের সঙ্গে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের সরাসরি বিমান যোগাযোগ আরও শক্তিশালী হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত