নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১:৪৮ পিএম
জাপানের সহযোগিতায় বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় এ সময় তাকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। সাক্ষাতে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বিস্তৃত করার বাংলাদেশের আগ্রহ ও অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।
সাক্ষাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে টার্মিনাল-৩ উদ্বোধনে সরকার বদ্ধপরিকর। এ জন্য দ্রুত অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওআরএটি) কার্যক্রম শুরু করা প্রয়োজন।
তিনি জানান, জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের (এসডব্লিউজি) দেওয়া প্রস্তাবের কারিগরি ও আর্থিক মূল্যায়ন ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা শুরু হবে। তৃতীয় টার্মিনালের সফল পরিচালনার জন্য প্রয়োজনীয় ‘লেটার অব অ্যাস্যুরেন্স’ নিয়েও মন্ত্রণালয় পর্যায়ে কাজ চলছে। সব প্রক্রিয়া দ্রুত শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশে ৫ শতাধিক হেরিটেজ ট্যুরিজম স্পট রয়েছে। এসব পর্যটনকেন্দ্রের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।
এ ছাড়া বুদ্ধিস্ট ট্যুরিজমের বিকাশে জাপানের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে কাজ করতে আগ্রহী সরকার। জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে পর্যটন খাতে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। হেরিটেজ ট্যুরিজমের উন্নয়নে জাপানি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি।
সাক্ষাতে জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে কাজ করার বিষয়ে জাপানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত