প্রকাশ : ৩১ অগাস্ট ২০২৬ | ১:১৭ এএম
হজযাত্রীদের বিমান ভাড়া ভবিষ্যতে আরও কমানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মন্ত্রী জানান, একসময় হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় ২ লাখ টাকা ছিল। পরে তা কমিয়ে ১ লাখ ৬৫ হাজার টাকা করা হয়। গত হজ মৌসুমে হিসাব-নিকাশের পর ভাড়া নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৪ হাজার টাকা।
চলতি বছর ডায়নামিক প্রাইসিং পদ্ধতিতে হিসাব করে হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ভবিষ্যতে বিমান ভাড়া আরও কমানোর বিষয়টি বিবেচনা করা হবে। নতুন বিমান যুক্ত হওয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক রুটে বিমানের কার্যক্রম পুরোপুরি চালু হলে আয় বাড়বে। এতে ভাড়া কমানোর সুযোগ তৈরি হবে।
তিনি আরও জানান, অন্যান্য এয়ারলাইনসের ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটের মূল্য নির্ধারণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত