নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ অগাস্ট ২০২৬ | ৯:০৭ এএম
নতুন নেতৃত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে গতি আনতে মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দিয়েছেন নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, গতানুগতিক আমলাতান্ত্রিক কাঠামোর বাইরে গিয়ে উদ্ভাবনী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে।
রোববার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ে যোগ দিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করাই হবে তাঁর প্রথম অগ্রাধিকার। কাজের সুবিধার্থে সপ্তাহে একদিন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করার পরিকল্পনার কথাও জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর সফট ওপেনিংয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এ জন্য জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী বছর ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে বিমানের বহরে শিগগিরই লিজে নেওয়া ১০টি বিমান যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া ঈশ্বরদী বিমানবন্দর থেকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় সামগ্রী পরিবহনের সুবিধার্থে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। যশোরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়েছে। বগুড়া বিমানবন্দর নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি চলছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর আশা করা হচ্ছে। বিমান ও পর্যটন খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করতে হবে।
কর্মকর্তাদের উদ্দেশে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ভালো কাজের জন্য পুরস্কার এবং দায়িত্বে অবহেলা বা খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা থাকবে। মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে দায়িত্বশীলতা, সমন্বয় ও উদ্ভাবনী চিন্তা নিয়ে কাজ করতে হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত