নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ অগাস্ট ২০২৬ | ২:৩২ এএম
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতের চলমান উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে খাত দুটিতে কাঠামোগত পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, গত ছয় মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগে অগ্রগতি হয়েছে; এখন সেগুলো বাস্তবায়নে আরও গতি আনাই মূল লক্ষ্য।
শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বেসামরিক বিমান চলাচল এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের কার্যক্রমে আরও গতিশীলতা ও দক্ষতা চান। এ খাতগুলোর চলমান পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের পর্যটন শিল্পের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্য রয়েছে সরকারের।
তিনি বলেন, বিমান ও বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ পর্যটন করপোরেশনকেও আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। জাতীয় পর্যটন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী দেশের পর্যটন শিল্প সম্প্রসারণে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বলেও জানান তিনি।
নতুন দায়িত্বের চ্যালেঞ্জ প্রসঙ্গে মিল্লাত বলেন, মন্ত্রণালয়ের সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। তবে গত ছয় মাসে বেশ কিছু উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন সেগুলোকে বাস্তব রূপ দিতে পরিকল্পিত ও দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।
তিনি বলেন, দায়িত্বের পরিধি বাড়ায় প্রত্যাশা ও দায়বদ্ধতাও বেড়েছে। প্রধানমন্ত্রীর আস্থা ও দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বিমান ও পর্যটন খাতে আরও কার্যকর পরিবর্তন আনার চেষ্টা করা হবে।
আগামী সময়ে মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর কার্যক্রমে আরও গতি, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করে দেশের বিমান চলাচল ও পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত