প্রকাশ : ২০ অগাস্ট ২০২৬ | ৭:৪২ এএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনার জন্য স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাংগঠনিক কাঠামোতে ২৬৪টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে নতুন টার্মিনালের কার্যক্রম পরিচালনায় ২৬টি যানবাহন টিওঅ্যান্ডইভুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১৬ আগস্ট এ বিষয়ে অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক আদেশ জারি করার পর এসবির সাংগঠনিক কাঠামোতে নতুন পদগুলো আনুষ্ঠানিকভাবে সৃষ্টি হবে।
অনুমোদিত ২৬৪টি পদের মধ্যে পুলিশ বিভাগের জন্য ২৫৬টি এবং নন-পুলিশের জন্য ৮টি পদ রাখা হয়েছে।
পুলিশ বিভাগের নতুন পদগুলোর মধ্যে রয়েছে—এএসপি ৩টি, পুলিশ পরিদর্শক ১৬টি, এসআই ১৫০টি, এএসআই (নিরস্ত্র) ৩৬টি এবং কনস্টেবল ৫১টি।
অন্যদিকে নন-পুলিশ পদগুলোর মধ্যে সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সিস্টেম অ্যানালিস্ট ও মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারের একটি করে পদ রয়েছে। এ ছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ২টি, অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ১টি এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২টি পদ সৃষ্টি করা হয়েছে।
মোট ২৬৪টি পদের মধ্যে ৩টি ক্যাডার পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে এবং ২৬১টি নন-ক্যাডার পদ পাঁচ বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে।
থার্ড টার্মিনালের ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনায় মোট ২৬টি যানবাহন টিওঅ্যান্ডইভুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে একটি জিপ বা এসইউভি, দুটি ডাবল-কেবিন পিকআপ, একটি বাস, একটি মিনিবাস, একটি মাইক্রোবাস এবং ২০টি মোটরসাইকেল।
পদ সৃষ্টি ও যানবাহন অনুমোদনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন সংশ্লিষ্ট শাখার সম্মতি এবং বেতনস্কেল ভেটিং নেওয়ার বিষয় রয়েছে। পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে।
ক্যাডার পদ স্থায়ীভাবে সৃষ্টির ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্যাডার বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। যেসব পদ বর্তমানে নিয়োগ বিধিমালায় অন্তর্ভুক্ত নেই, সেগুলোও বিধিমালায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া পদ সৃষ্টি ও যানবাহন টিওঅ্যান্ডইভুক্ত করার পর সংশ্লিষ্ট সরকারি আদেশের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে। সব প্রক্রিয়া শেষ করে প্রশাসনিক মন্ত্রণালয় সরকারি আদেশ জারি করার পর এসবির সাংগঠনিক কাঠামো হালনাগাদ করা হবে।
নতুন জনবল ও যানবাহন অনুমোদনের ফলে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে ইমিগ্রেশন সেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও জনবল কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত