নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ অগাস্ট ২০২৬ | ৩:২৫ এএম
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ যোদ্ধাদের পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। মঙ্গলবার (১১ আগস্ট) আগারগাঁওয়ের পর্যটন ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে প্রাইজবন্ড ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগ শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ নয়, তাদের স্বপ্ন ও প্রত্যাশা বাস্তবায়নের মাধ্যমে মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
মন্ত্রী জানান, জুলাই যোদ্ধাদের জন্য পর্যটন করপোরেশনের হোটেলে ৩৬ শতাংশ ছাড়, পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটেও বিশেষ ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, জুলাইয়ের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক দায়িত্ব দিয়েছে। উন্নয়ন পরিকল্পনায় বৈষম্যহীন সুযোগ ও সামাজিক ন্যায়বিচারকে গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সম্মান জানানো শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি কৃতজ্ঞতা ও দায়বদ্ধতার প্রকাশ। অনুষ্ঠানে পাঁচজন শহীদ যোদ্ধার পরিবারের সদস্য ও পাঁচজন আহত জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত