ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ | ৬:৫৫ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, এ ধরনের ঘটনার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। সেই প্রক্রিয়াতেই এবার কমিটি করা হয়েছে।
বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব ব্যবস্থাপক (আইনবিষয়ক)। কমিটিকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটি উড়োজাহাজের ত্রুটির প্রকৃত কারণ ও ধরন নির্ধারণ, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা এবং ফ্লাইট বিলম্বে যাত্রীদের ভোগান্তি ও বিমানের ভাবমূর্তির ওপর প্রভাব মূল্যায়ন করবে।
এর আগে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর উড্ডয়ন করে। বিমানের প্রকৌশল দল ও জাপানের টেকনিশিয়ানরা ত্রুটি মেরামতের পর বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত