প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ৪:৪৭ পিএম
চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার (১৩ সেপ্টেম্বর) শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, চীন থেকে ঘণ্টায় সাড়ে ৩৫০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম বুলেট ট্রেন আনার বিষয়ে কথাবার্তা চলছে। তবে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী তুলনামূলক কম গতির ট্রেনও গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন তিনি।
দেশে বিমানবন্দর সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমানে আটটি বিমানবন্দর চালু রয়েছে। এর মধ্যে কয়েকটি দুর্বল অবস্থায় আছে। আগামী ১০ বছরের মধ্যে দেশে আরও একটি নতুন বিমানবন্দর নির্মাণের প্রয়োজন হবে। এ ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে।
শেরপুরের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জেলার পর্যটন খাতের বিকাশে ঝিনাইগাতীতে একটি মোটেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আকস্মিক পাহাড়ি ঢল থেকে জনপদ রক্ষায় মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে।
সভায় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সংসদ সদস্য, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক, সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সার্কিট হাউজে পৌঁছালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত